ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট মনোনীত হচ্ছেন জিনপিং

এশিয়ার পরাশক্তি চীনের প্রেসিডেন্ট পদে ফের বসতে যাচ্ছেন শি জিনপিং। কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা এরই মধ্যে তাকে তৃতীয়বারের জন্য মনোনীত করতে চলেছেন।


চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ২০১৮ সালে দেশটির সংবিধান সংশোধন করা হয়েছিল। এর মাধ্যমে সে সময় প্রেসিডেন্টের পদে থাকার সুনির্দিষ্ট কোনো সময়সীমার বিধান প্রত্যাহার করা হয়। ফলে কোনো নেতাকে আজীবনের জন্য চীনের প্রেসিডেন্ট হিসেবে থাকতে কোনো বাধা নেই। তাই আগামী বছর পার্টি কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে নেতা নির্বাচিত হলেই প্রেসিডেন্টের পদে থেকে যাবেন শি জিনপিং। মূলত তার আগেই কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে তার নাম অনুমোদিত হবে। যদিও এসবই নিছক আনুষ্ঠানিকতা মাত্র।


চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে শি একটি প্রেজেন্টেশন দিয়েছেন। সেখানে কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সাফল্যের কথা জানিয়েছেন এই রাষ্ট্রপ্রধান।


আগামী বৃহস্পতিবার বা তার দুই-একদিন পর কেন্দ্রীয় কমিটিতে গৃহীত একটি প্রস্তাবের কথা জানানো হতে পারে। যদি তা জানানো হয়, তাহলে এটা হবে এই ধরনের তৃতীয় প্রস্তাব। এর আগে ১৯৪৫ ও ১৯৮১ সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। ১৯৪৫ সালের প্রস্তাব ছিল- কমিউনিস্ট পার্টির ক্ষমতা দখলের চার বছর পর। আর ১৯৮১ সালে বড় ধরনের আর্থিক সংস্কারের আগে প্রস্তাবটি নেওয়া হয়। গুরুত্বপূর্ণ প্রস্তাবটি নেওয়া হলে শি-র ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।


বিশ্লেষকদের মতে, গেল এক দশক যাবত চীনে ক্ষমতায় আছেন শি জিনপিং। তার সময়ে দেশটির অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে, সামরিক ব্যবস্থার সংস্কার হয়েছে, পররাষ্ট্র নীতি আগ্রাসী হয়েছে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসবের পাশাপাশি উইঘুর মুসলিমদের ওপর ব্যাপক দমননীতির জন্য পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। হংকংয়ের মানুষকে রাজনৈতিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা না দেওয়া নিয়েও শি-র সমালোচনা কম হয়নি। তাইওয়ান নিয়েও তার নীতির প্রবল সমালোচনা হয়েছে।


উল্লেখ্য, শি-র বয়স এখন ৬৮ বছর। চীনা বার্তা সংস্থা সিনহুয়া তাকে দৃঢ়প্রতিজ্ঞ কাজের মানুষ বলে অভিহিত করেছে। তাদের দাবি, জিনপিংয়ের চিন্তার গভীরতা আছে। তিনি অনুভূতিপ্রবণ মানুষ। তিনি নতুন পথে যেতে ভয় পান না। তার চিন্তাভাবনা প্রগতিশীল এবং চীনকে তিনি নতুন উচ্চতায় নিয়ে গেছেন।


সূত্র : ডয়েচে ভেলে

ads
ads
ads

Our Facebook Page

↑